শিরোনাম

আমিনবাজারে এসবি সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
আমিনবাজারে এসবি সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
জহিরুল ইসলাম

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রাইভেটকারের চালক ও মালিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম জানিয়েছেন।

এর আগে শনিবার রাত ৮টার দিকে আমিন বাজারের বরদেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি তৈরির কারখানার সামনে একটি প্রাইভেটকার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়ে হামলার শিকার হন এসবির এসআই আলতাফ হোসেন ও তার ছেলে। পরে আরও লোকজন নিয়ে এসে আলতাফকে পিটিয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ৫৮ বছর বয়সী আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিন বাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় থাকতেন।

আলতাফ এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত তার ছোট ছেলে আরিফুল ইসলাম ওই গেঞ্জি কারখানাটি পরিচালনা করতেন।

আরিফুল ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বর্ণনায় পুলিশ বলছে, আমিন বাজারের বরদেশি এলাকায় এক বৃদ্ধ রিকশাচালক রিকশা ঠিক করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই বৃদ্ধ ও রিকশাকে ধাক্কা দেয়। বিষয়টি দেখে এসবি সদস্য আলতাফ হোসেন এগিয়ে যান এবং প্রাইভেটকারে থাকা লোকজনের বেপরোয়া আচরণ ও বৃদ্ধকে আঘাত করায় প্রতিবাদ জানান।

প্রতিবাদ করার এক পর্যায়ে প্রাইভেটকারে থাকা ৪-৫ জন ব্যক্তি আলতাফ হোসেনের ওপর চড়াও হন। পরে আরও লোক নিয়ে এসে তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আলতাফকে হোসেনকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, গ্রেপ্তার জহিরুল ইসলামের বাকি সহযোগীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপশি এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

/এসআর/