সাভারে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাভারে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
আন্দোলন চলাকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলাকালে ঢাকার সাভারের হেমায়েতপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া- পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষ চলাকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বেশ কয়েকজন আহত হন।

বুধবার (৪ নভেম্বর) হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকেরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।

এ সময় শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষ চলাকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হন।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। তিনি বলেন, সকালে পদ্মার মোড় এলাকায় একসাথে ৩০-৪০ হাজার শ্রমিক দুই পাশ থেকে জড়ো হয়ে আন্দোলন শুরু করে। একপর্যায়ে তারা পুলিশের উপর আক্রমণাত্মক হয়ে উঠলে পুলিশ প্রতিরোধ করে।

এসপি শামীমা পারভীন আরও বলেন, আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় আন্দোলনকারীদের হামলায় ওসি গুরুতর আহত হন।

/এফআর/