শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কুমিল্লার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকরা।

সোমবার (২০ জুলাই) ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ভোর থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়। ঢাকামুখী বেশ কয়েকটি মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান মহাসড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়। এর ফলে গৌরীপুর থেকে দাউদকান্দি পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক বাসের যাত্রী রিফাত রহমান বলেন, ভোরে ঢাকার উদ্দেশে রওনা দিই। গৌরীপুর থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যেতে দুই ঘণ্টা লেগেছে। সড়কের পাশে অবৈধভাবে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং করার কারণেই আজকের যানজটের সূত্রপাত হয়েছে।

হানিফ পরিবহণের চালক রাশেদুল ইসলাম বলেন, এক কিলোমিটার পথ পাড়ি দিতে দুই ঘণ্টা লেগেছে। সকাল থেকে হাইওয়ে পুলিশের তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে সকাল থেকে যানবাহনের চাপ রয়েছে। এতে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। মহাসড়কের পাশে কেউ অবৈধভাবে যানবাহন পার্কিং করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসবি/