কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৫১

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৫১

কুমিল্লায় আবারও ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও ছিনতাইবিরোধী এ অভিযানে ৩৫১ জনকে আটক করে পুলিশ। এতে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অংশ নেয়।

শুক্রবার (৩০ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান।

তিনি জানান, জেলার বিভিন্ন থানা এলাকা ও কুমিল্লা মহানগরীর যেসব স্থানে কিশোরদের উৎপাত, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে, এসব জায়গায় অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসা ও ছিনতাই নিয়ন্ত্রণে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত দেড় মাসে কয়েক দফায় পরিচালিত অভিযানে মোট আটক হয়েছেন ৫ হাজার ২৪৬ জন।

/এফআর/