‘মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত’, অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় এমপি

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
‘মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত’, অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় এমপি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেনকুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, একটা আইফোনের জন্য একটা মাসুম বাচ্চাকে এভাবে মারতে পারে? আমি কল্পনা করিনি। কী দেশ বানালাম। মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় অপ্রতিমের মরদেহ উদ্ধার স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মনিরুল হক বলেন, এই এলাকার এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। আমরা একটি মাসুম বাচ্চাদেরকে রক্ষা করতে পারলাম না। মৃত্যু মানুষেরই হয়, তবে এমন করুণ মৃত্যু দেখিনি। আমি অবিলম্বে অপরাধীকে শনাক্ত এবং গ্রেপ্তার করে ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি বলেন, আমার মেয়েরা বিদেশ থেকে টেলিফোন করে বলে আব্বা এটা কী হলো? আমি কী জবাব দেব? আমার কোনো জবাব নেই। আমি শুধু বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী অনুগ্রহ করে দেখুন। এদের হাত থেকেকিশোরদেরকে রক্ষা করুন। না হলে জাতি বিপদগ্রস্ত হবে।

এই সংসদ সদস্য বলেন, আমার সঙ্গে এসপি সাহেবের কথা হয়েছে। জরুরি ভিত্তিতে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করেছি। তিনি বলেছেন, তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম শরীফুল করীমসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

/এসবি/