তারা আমাদের জমি দখল করতে চায়: ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
তারা আমাদের জমি দখল করতে চায়: ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি
ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাসভবনের পরিচয়সংবলিত সাইনবোর্ড খুলে ফেলেন এনসিপির নেতাকর্মীরা

সম্প্রতি ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের বাসভবনে থাকা পরিচয়সংবলিত সাইনবোর্ড খুলে ফেলেছে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। তারা বলছেন, মালিকপক্ষ বাড়িটি বিক্রির চেষ্টা করছেন বলে তারা জানতে পেরেছেন। তারা চান, ঐতিহ্যবাহী এই বাড়িটি সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হোক। সাইনবোর্ড খুলে ফেলার একটি ভিডিও এরই মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেবেন না বলে জানিয়েছেন ধীরেন্দ্রনাথের নাতনি অ্যারোমা দত্ত।

তিনি বলেন, গত পাঁচ দশকেও রাষ্ট্র তার দাদাকে যথাযথ সম্মান দিতে পারেনি। ৫০ বছর পর যারা এখন দাদার বাড়ি সংরক্ষণের দাবি তুলছেন, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। তার বিশ্বাস, কিছু ভূমিদস্যু তাদের ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে এসব মানুষকে (এনসিপি কর্মীদের) উসকে দিয়েছে।

ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪০-এর দশকের শেষ দিকে তিনি কুমিল্লায় বাড়িটি নির্মাণ করেন এবং সেখানে বসবাস শুরু করেন। তিনি ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ধীরেন্দ্রনাথ দত্ত ও তার ছেলে দিলীপ কুমার দত্তকে তৎকালীন ময়নামতি সেনানিবাসে (বর্তমানে কুমিল্লা সেনানিবাস) ধরে নিয়ে যায়। পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ধর্মসাগরপাড়ের সড়কসংলগ্ন ১৫ শতক জমিটির বর্তমান বাজারমূল্য আনুমানিক ১০ থেকে ১৫ কোটি টাকা।

অ্যারোমা দত্ত অভিযোগ করেন, এভাবে হয়রানি করলে ভবিষ্যতে কেউ সম্পত্তিতে বিনিয়োগ করতে বা উন্নয়ন করতে এগিয়ে আসবে না। তারা আমাদের জমি দখল করতে চায়।

এ প্রসঙ্গে এনসিপির কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব মাসুমুল বারী কাওসার দাবি করেন, ঐতিহাসিক বাড়িটি রক্ষার স্বার্থেই সাইনবোর্ডটি অপসারণ করা হয়েছে। ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বাড়িটি বিক্রির যেকোনো চেষ্টা আমরা প্রতিহত করব বলেও জানান তিনি। তার মতে, বাড়িটি দেশের ইতিহাসের, বিশেষ করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই এনসিপি মনে করে, এটি সংরক্ষণ করা উচিত। বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বলেও জানান কাওসার।

অ্যারোমার মালিকানার দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির এই নেতা। তার দাবি, অ্যারোমা দত্ত আওয়ামী লীগ সরকারের আমলে দু’বার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য থাকলেও স্থানীয় বাসিন্দারা তাকে কখনো বাড়িটিতে আসতে কিংবা দাদার স্মরণে কোনো অনুষ্ঠান আয়োজন করতে দেখেননি। জমির নামজারি প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে সম্পত্তিটি তার নামে রেকর্ড হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অ্যারোমা দত্ত বলেন, এটি আমাদের পৈতৃক সম্পত্তি। এটি কীভাবে ব্যবহার করা হবে, এমনকি বিক্রি করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার পরিবারের। দাদার স্মৃতি সংরক্ষণের পরিকল্পনা তারও আছে। তবে আমার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগে আমাকে সুযোগ ও প্রয়োজনীয় সম্পদ দিতে হবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

/জেএইচ/