শিরোনাম

খুলনায় বিএনপির অফিসে গুলি, আহত ২

খুলনা সংবাদদাতা
খুলনায় বিএনপির অফিসে গুলি, আহত ২
৯নং ওয়ার্ড পুটিমারী বিএনপির অফিস

পূর্ব শত্রুতার জেরে খুলনায় বিএনপির অফিসে গোলা-গুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লবণচরার জলমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পুটিমারী বিএনপির অফিসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পারভেজ নামে এক যুবক সেখানে প্রবেশ করেন। পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তিনি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের ঊরুতে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ বলেন, আমি যুবদলের ১নং জলমা ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি অফিসে বসে ছিলাম। এ সময় পারভেজ এসে কথা বলে বের হয়ে যায়। এরপর আবার ফিরে এসে আমাকে লক্ষ্য করে গুলি করে। পারভেজকে ঠেকাতে গিয়ে জাহিদ গুলিবিদ্ধ হয়। আমি পেছনের দরজা দিয়ে বের হই। পারভেজ পেছনের দরজায় এসে আমার বাম পায়ে গুলি করে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আহত দুই যুবক এলাকায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। তারা দুপুরে স্থানীয় বিএনপি অফিসে বসে গল্প করছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে এক যুবক তাদের লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে একজনের হাতে এবং একজনের পায়ে আঘাত লাগে।

তিনি বলেন, গুলিবিদ্ধ মাসুম পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

/এসবি/