শিরোনাম

তিন জেলায় পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

সিটিজেন ডেস্ক
তিন জেলায় পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

দেশের তিন জেলায় একদিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নাটোর, মাগুরা ও জামালপুর জেলায় এসব ঘটনা ঘটে।

আমাদের জেলা প্রতিনিধিদের তথ্য অনুযায়ী

নাটোর

: জেলার বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ণকলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– একই এলাকার মিন্টু আলীর ছেলে আরাফাত (১১) ও রাজু আহমেদের ছেলে নূর মোহাম্মদ (১০)।

স্থানীয়রা জানায়, দুপুরে নিহত দুই শিশুকে বাড়ির আশপাশে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ পর আরাফাতের নানা বাড়ির পাশেন একটি পরিত্যক্ত পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন স্বজনরা। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে দুই শিশুকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাগুরা:

বাড়ির পাশের ডোবার পানিতে খেলা করতে গিয়ে মাগুরা সদর উপজেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলার বজরুক শ্রীকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো– বজরুক শ্রীকুন্ডি গ্রামের জামাল হোসেনের ছেলে নাঈম (৬) এবং বালিয়াডাঙ্গা গ্রামের লিটন হোসেনের মেয়ে নুসরাত (৭)। নিহতরা সম্পর্কে ফুপু-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার পর থেকে বাড়ির উঠানে খেলা করছিল নিহত দুই শিশু। তবে দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পাশে শিশু দুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখে তারা। এ সময় প্রতিবেশী ও স্বজনরা ডোবায় নেমে তল্লাশি চালায়। পরে পানির ভেতর ডুবে থাকা অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।

দ্রুত তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বালিয়াডাঙ্গা এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এটি দুঃখজনক খবর। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জামালপুর:

জেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে মাদারগঞ্জ উপজেলায় ও বকশীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল আটটার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা গ্রামে বাড়ির উঠানের পাশের গর্তে পড়ে মারা যায় দেড় বছর বয়সী শিশু ইয়ামিন। সে গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাড়ির কাজের প্রয়োজনে উঠানের পাশে একটি গর্ত খুঁড়ে মাটি উত্তোলন করা হয়েছিল। বৃষ্টির কারণে গর্তটিতে পানি জমে ছিল। উঠানে খেলতে খেলতে একপর্যায়ে ওই পানিতে পড়ে ডুবে যায় ইয়ামিন। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে গর্তটিতে ইয়ামিনকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গাজীর পাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলার কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম।

/এফআর/