শিরোনাম

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ জনে। মঙ্গলবার (১৯) মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশু মারা গেছে। আর হামের উপসর্গে মারা গেছে আরও নয় শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ৩৩৭ জন।

হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া নয় শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৭৭ শিশু মারা গেছে। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে আরও ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, এই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪২ হাজার ৮৬৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৮ হাজার ৯৮০ জন।

/এফআর/