শিরোনাম

‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ সম্পন্ন করতে পারবে না’

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ সম্পন্ন করতে পারবে না’
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সরকারকে আমাদের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হবে না, যদি না তারা গণভোটের গণরায় বাস্তবায়ন করে। ফলে আমরা আশা করবো, সিলেটবাসী যেভাবে জুলাই বিপ্লবে রক্ত দিয়ে দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছেন, আবারো সংস্কারের পক্ষে গণরায়ের পক্ষে আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সেই আন্দোলনের পক্ষে আমরা ১১ দল ঐক্যবদ্ধ থাকবো।

শনিবার (২৫ জুলাই) বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সরকার যদি জুলাই বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে আগামী পাঁচ বছরের মেয়াদ তারা সম্পন্ন করে যেতে পারবে না। তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান? নাকি শেখ হাসিনাসহ পৃথিবীর অন্য জায়গায় যেই করুণ পরিণতি হচ্ছে জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য তিনি সেই পরিণতি ভোগ করতে চান কিনা। সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে সাধুবাদ জানাই। আমরা মনে করি দেশ থেকে দেশে তরুণরা জেগে উঠছে, রাজপথে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে- এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। জুলাই বিপ্লব দেশ থেকে দেশে ছড়িয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের ফলে সরকার পতন হয়েছিল এবং নির্বাচনের পরবর্তীতে যে সরকার এসেছে আমরা আশা করেছিলাম এই নতুন সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। ছাত্র-তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখেছি, জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে।

নাহিদ ইসলাম বলেন, এই দেশে সংস্কার বনাম সংশোধন এই বিতর্ক নতুন করে শুরু হয়েছে। আমরা মনে করি এই বিতর্কের কোনো প্রয়োজন ছিল না। সেই সময় বিএনপি সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটে রাজি হলো। নির্বাচিত হওয়ার পরে তারা সংস্কার কী সেটা ভুলে গেছে। তারা এখন শুধু সংশোধন চিনে আর কিছু চিনে না।

তিনি বলেন, আজকে ঢাকাতে তীব্র গ্যাসের সংকট, গ্যাস পাওয়া যাচ্ছে না। এর আগে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে, সবজির দাম দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে। বাজেটের মধ্য দিয়ে রাজধানী ঢাকাতে মধ্যবিত্তের ওপরে করের বোঝা চাপিয়ে দিয়েছে। দেশের মানুষের যে অর্থনৈতিক সংকট সেই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা সরকার পাচ্ছে না। কারণ সরকার সংস্কার করবে না। সরকার যদি বিচার না করে, জনগণের মধ্যে যে নতুন আস্থা তৈরি হয়েছিল সেই আস্থা তারেক রহমানের সরকার ধরে রাখতে পারবে না।

/এসআর/