শিরোনাম

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত

চট্টগ্রাম সংবাদদাতা
সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত
সংরক্ষিত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাজার গেট এলাকায় অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২ মে) দুপুরে ওই এলাকার একটি ভাঙারি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আরমান। তার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের রাজাপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। আহত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানায়, আরমান সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত লোহালক্কড় সংগ্রহ করে ভাঙারি দোকানে বিক্রি করতেন। তিনি পাঁচটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে আজ দুুপুরে কুমিরা এলাকার ভাঙারি দোকানে বিক্রি করতে আসেন। তার ভটভটি থেকে প্রতিটি সিলিন্ডার আলাদা করে নিচে নামানো হচ্ছিল। এর মধ্যে একটি সিলিন্ডার নিচে ফেলতেই বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় আরমানের। বিস্ফোরণে ধাতব বস্তুর আঘাতে পাশে থাকা দুইজন আহত হন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আরমান নামের একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এসআর/