শিরোনাম

পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ
পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সাবেক সদস্য আলতাফ হোসেন

সাভারের আমিনবাজারে এক অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় মো. আলতাফ হোসেন নামে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আমিনবাজারের বরদেশী এলাকায় এ ঘটনা ঘটে।

মো. আলতাফ হোসেন ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের জনতা হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাসায় ফিরছিলেন আলতাফ। পথে তিনি একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। এ সময় আলতাফ প্রতিবাদ করলে ওই যুবকরা তাকেও মারধর করেন। প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে একটি কারখানার ভেতরে ঢুকে পড়েন। পরে ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তার ছেলে মো. আরিফকে পিটিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফ চিকিৎসাধীন রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, নিহত মো. আলতাফ হোসেন ডিএমপিতে এসবির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি বরদেশী এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন। অপরাধীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

/এসবি/