শিরোনাম

জীবিকার তাগিদে বাড়ি ছেড়ে ফিরছেন লাশ হয়ে

ফেনী সংবাদদাতা
ফেনী সংবাদদাতা
জীবিকার তাগিদে বাড়ি ছেড়ে ফিরছেন লাশ হয়ে
প্রতীকী ছবি

নেত্রকোনা থেকে জীবিকার তাগিদে প্রায় ১৫ দিন আগে ফেনীতে এসেছিলেন ৬০ বছর বয়সী শুকুর আলী মোড়ল। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি পরশুরাম স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে ঘুমিয়ে পড়েছিলেন। তবে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখন তিনি লাশ হয়ে ফিরছেন বাড়িতে।

মৃত শুকুর আলী নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার গুজিরকোনা গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে।

স্থানীয় ও প্রতিবেশি সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে পরিবারের সদস্যদের রেখে কাজের সন্ধানে পরশুরামে আসেন শুকুর আলী। শুক্রবার রাতে স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে বসে চা পান করেন। পরে দোকানের একটি চেয়ারেই ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি। ঘুমন্ত অবস্থায়ই তার মৃত্যু হয়েছে।

শুকুর আলী ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও শুকুর আলীর সঙ্গে কাজে আসা কয়েকজন শ্রমিক প্রথমে তার মরদেহ স্টেশন রোড এলাকার একটি মসজিদে নিয়ে রাখেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

মুঠোফোনে শুকুর আলীর ছেলে আনোয়ার হোসেন মোড়ল বলেন, আমাদের পারিবারিক অবস্থা মোটামুটি ভালো। বাবাকে কাজে যেতে নিষেধ করলেও তিনি শুনেননি।

পরশুরাম মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। তার মরদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

/জেএইচ/