স্কুলের সামনের দেয়ালে লেখা ‘জয় হাসিনা’, শিক্ষার্থীরা বলছে ‘ইয়ার্কি’

চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গা সংবাদদাতা
স্কুলের সামনের দেয়ালে লেখা ‘জয় হাসিনা’, শিক্ষার্থীরা বলছে ‘ইয়ার্কি’
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি বাড়ির দেয়ালে স্লোগান লিখছে শিক্ষার্থীরা

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি বাড়ির দেয়ালে ‘জয় হাসিনা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘মুজিব সেনা’সহ বেশ কিছু লেখা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দেয়াল লিখনের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ১৯ মিনিটের পর ৭ শিক্ষার্থী বিদ্যালয়ের বিপরীত পাশের একটি গলিতে প্রবেশ করছে। তাদের একজন স্প্রে রং দিয়ে বাংলায় ও ইংরেজিতে বিভিন্ন স্লোগান লিখছে। ফুটেজ পর্যালোচনা করে এবং শিক্ষকদের সহযোগিতায় ৫ শিক্ষার্থীকে শনাক্ত করে পুলিশ।

বিষয়টি জানাজানি হওয়ার পর ওই শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম। জবাবে শিক্ষার্থীরা দাবি করে, কেবল ‘ইয়ার্কি’ ও ‘মজা’ করার ছলে তারা দেয়ালে সেগুলো লিখেছিল।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ভিডিও এবং ছবিতে দেখতে পাওয়া শিক্ষার্থীরা পঞ্চম ও সপ্তম শ্রেণির। তাদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকেছিলাম। তারা বলেছে, শুধুই ‘ইয়ার্কি’ আর ‘মজা’ করার জন্য দেয়ালে লিখেছে।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি বাড়ির দেয়ালে লেখা স্লোগান
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি বাড়ির দেয়ালে লেখা স্লোগান

তিনি বলেন, তাদের কাছে কালো রঙের একটি স্প্রে ক্যান ছিল। সাদা রঙে যেসব দেয়াল লিখন তারা তা লেখেনি; শুধু কালোগুলো তাদের লেখা বলে দাবি করেছে। তারা বলেছে, অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর পরামর্শেই এসব লেখা হয়েছে। আমরা আরও খোঁজখবর নিচ্ছি।

এ ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শহীদ হাসান চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবসহ অন্যরা বক্তব্য দেন।

সেলিমুল হাবিব বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অংগসংগঠনের কেউ কোনো বিশৃংখলা করতে চাইলে আমার তা মেনে নেব না। আমরা প্রতিবাদ করবো।

/এফসি/