শিরোনাম

বোয়ালখালীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২

চট্টগ্রাম সংবাদদাতা
বোয়ালখালীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২
স্বাস্থ্যকেন্দ্র। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (৬ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে চোরাই মালামালসহ আটক দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়।

কেন্দ্রের দায়িত্বরত পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রত্যয় বিশ্বাস বলেন, বুধবার ভোরে চোরেরা স্বাস্থ্যকেন্দ্রের চারটি থাই গ্লাসের স্টিল ফ্রেম, একটি ফ্যান, চারটি অক্সিজেন মেশিনের মিটার এবং একটি অটো প্লাগ মেশিনের ঢাকনা চুরি করে।

সকালে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে।

আটকরা হলেন– নগরীর চান্দগাঁও কালুরঘাট এলাকার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে নুরন্নবী আকাশ ও শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা গ্রামের নুরুল আলমের ছেলে মো. ইস্কান্দার।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক দুইজনকে আদালতে পাঠানো হবে।

/এসআর/