ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সংঘর্ষের পর ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজনসহ মোট ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এক পক্ষের লোকজন ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হেঁয়াকো বাজারের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তার বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা কবির। আহত বাকি তিন জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। অন্যদিকে কী নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের সূত্রপাত সে বিষয়েও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সেটা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বর্তমান সংসদ সদস্য সরোয়ার আলমগীরের অনুসারী হিসেবে পরিচিত যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ঘোষণা কবির ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষকে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

/জেএইচ/