শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইন

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইন
সীমান্ত এলাকা।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

পুশইন হওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। তবে সীমান্তের শূন্য লাইনে অবস্থান করা এই ব্যক্তিদের ফেরত পাঠানোর চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২০৩/৬-আর সীমান্ত পিলার দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করে। তাৎক্ষণিকভাবে পুশইন হওয়া ব্যক্তিদের পরিচয় বা তারা কোন এলাকার বাসিন্দা, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, পুশইন হওয়া ২৮ জনকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে বিএসএফও অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এসআর/