একই সড়ক সকালে জামায়াত এমপি, বিকালে বিএনপির সাবেক এমপির উদ্বোধন

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
একই সড়ক সকালে জামায়াত এমপি, বিকালে বিএনপির সাবেক এমপির উদ্বোধন
জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল এবং বিএনপি নেতা হারুনুর রশীদের সড়ক উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী একটি সড়ক একই দিনে দুইবার উদ্বোধন করেছেন ক্ষমতাসীন ও বিরোধীদলীয় নেতা। সকালে বর্তমান সংসদ সদস্য ও জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল, আর বিকালে বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য (বিএনপি নেতা) হারুনুর রশীদ সড়কটি উদ্বোধন করেন। এই সড়ক উদ্বোধন ঘিরে দুই নেতাকে পাল্টাপাল্টি বক্তব্য ও সমালোচনা করতেও দেখা গেছে। এতে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন, মূলত রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই এমন উদ্বোধন ও পাল্টা উদ্বোধনের ঘটনা। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) জানিয়েছে, সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হচ্ছে। ৩ কিলোমিটার ৫৫০ মিটার দীর্ঘ এ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৫৩১ টাকা। এলজিইডির তত্ত্বাবধানে ছয় দিন আগে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। এটি চালু হলে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি সহজ হবে। পাশাপাশি পদ্মা নদীতীরবর্তী এলাকার মানুষের যাতায়াতেও সুবিধা হবে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। একই দিন বিকালে এটি পুনরায় উদ্বোধন করেন ওই আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।

সকাল ও বিকেলের দুই উদ্বোধনী অনুষ্ঠানেই বর্তমান ও সাবেক সংসদ সদস্যকে একে অপরের সমালোচনা করতে দেখা যায়। সকালে এমপি বুলবুলের উদ্বোধনের সময় এলজিইডির নামসংবলিত ব্যানার থাকলেও বিকালে হারুনুর রশীদের উদ্বোধনের সময় তা ছিল না। সাবেক এমপি ফিতা কেটে সড়কটির উদ্বোধন করেন। তবে দুই অনুষ্ঠানেই এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মতবিনিময় সভায় নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘জেলার উন্নয়নে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদকে সঙ্গে নিয়ে কাজ করতে তার কোনো আপত্তি নেই। তবে সরকারি উন্নয়নকাজের তদারকির দায়িত্ব সংসদ সদস্যের রয়েছে। শুধু আমার না, এটা সারা বাংলাদেশের সকল এমপির রয়েছে। আগামী পাঁচ বছরে সদর আসনে যেসব উন্নয়নকাজ হবে, সেগুলোর দায়িত্ব তার। তাই এমপির কাজ এমপিকে করতে দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের কোনো অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণকে সঙ্গ নিয়ে তা প্রতিহত করবো বলেও জানান তিনি।

জনগণ তাকে ৬২ হাজার ৬১৯ ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে উল্লেখ করে বুলবুল আরও বলেন, তার কাজ অন্য কেউ উদ্বোধন করবেন, এমন এখতিয়ার জনগণ কাউকে দেয়নি।

এদিকে বিকালে উদ্বোধন পরবর্তী সভায় হারুনুর রশীদ বলেন, আমাদের নতুন এমপিকে (নুরুল ইসলাম বুলবুল) বলব, বহু কাঁচা রাস্তা আছে ভাই, তুমি টাকা বরাদ্দ নিয়ে এসে কাজ করো। তোমার বরাদ্দ আনার ক্ষমতা আমরা দেখতে চাই। এ সময় তিনি এমপিকে হুঁশিয়ারি দিয়ে কথাবার্তা সবধানে বলার আহ্বান জানান। তিনি বলেন, উল্টাপাল্টা কথা বললে জনগণ কিন্তু সেব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।

একই সড়ক বারবার উদ্বোধনের কারণ জানতে চাইলে হারুনুর রশীদ বলেন, এ নিয়ে এমপি বুলবুলকে প্রশ্ন করুন। তিনি বলেন, আমি নিজে এসব রাস্তা-ঘাটের বরাদ্দ নিয়ে আসছি, আর তিনি (এমপি বুলবুল) গিয়ে উদ্বোধন করছেন। বরাদ্দ নিয়ে আসার সুবাদে আমি সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে পরিদর্শন বা উদ্বোধন করতেই পারি বলেও উল্লেখ করেন তিনি।

তবে দুই দফা উদ্বোধন হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। তিনি বলেন, অধিদপ্তরের পক্ষ থেকে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি। এটা হলে সেখানে ফলক স্থাপন করা হতো। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা পরিদর্শন বা তদারকিতে গেলে তারা সেখানে উপস্থিত থাকেন বলেও জানান তিনি।

/জেএইচ/