রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: সাবেক এমপি পাপিয়া

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
রেডি হও জামায়াত, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা: সাবেক এমপি পাপিয়া
বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া

বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, আমাদের বোর্ডিং পাস, লন্ডন ভ্রমণ কিংবা ভিসার খতিয়ান দেখানোর কথা বলা হচ্ছে। আমিও স্পষ্ট করে বলতে চাই— রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তানেই পাঠাতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি কখনো বাংলাদেশের মূলধারার নায়ক হতে পারে না।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

আশিফা আশরাফী পাপিয়া বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের স্থান এ দেশে হতে পারে না এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম কখনো বাদ পড়বে— এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন।

অনুষ্ঠানে জেলা কৃষকদলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তোবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হোসেন সোহেল এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, ময়েজ উদ্দিন ও সামিউল ইসলাম পলাশসহ প্রমুখ বক্তব্য দেন।

/এসবি/