সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেলো ডিবি

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেলো ডিবি
বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহারকে ধরতে বাসায় অভিযান চালিয়ে না পেয়ে তার কিশোর ছেলেকে ধরে নিয়ে গেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি সড়কের তিতুমীর লেনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আটক কিশোর বাফতিন আহমেদ জিহান (১৬) বরিশাল জিলা স্কুল থেকে চলতি বছর এসএসসি পাস করেছে। তার মা সাথী আক্তার জানান, তার স্বামী বাহার সব মামলায় জামিনে আছেন। পুলিশ বাসায় অভিযান চালিয়ে বাবাকে না পেয়ে নাবালক ছেলেকে ধরে নিয়ে গেছে।

ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা কিশোর জিহানকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় তার মা বাধা দেওয়ার চেষ্টা করছেন।

একপর্যায়ে ধাক্কা লেগে পড়ে যান জিহানের মা সাথী। পরে পুলিশ পিকআপে করে জিহানকে আটক করে নিয়ে চলে যায়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ২৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ডিবি কিশোরকে ধরেছে, কিন্তু এখনো থানায় হস্তান্তর করেনি।

/টিই/