বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র বানাতে চায় হায়ার
হায়ারের লোগো

বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) হিসেবে গড়ে তুলতে স্থানীয় উৎপাদন ও বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ করছে হায়ার বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্যে উৎপাদন সক্ষমতা বাড়ানো, আমদানিনির্ভরতা কমানো এবং দেশের হোম অ্যাপ্লায়েন্স শিল্পের বিকাশে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর গুলশানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান হায়ারের কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, ২০২০ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে হায়ার। গাজীপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় বর্তমানে এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও টেলিভিশন উৎপাদিত হচ্ছে। একইসঙ্গে, চুক্তিভিত্তিক ব্যবস্থায় রেফ্রিজারেটর ও ফ্রিজার তৈরি করা হয়। বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স আমদানি ও বাজারজাতও করে প্রতিষ্ঠানটি।

তারা বলেন, এয়ার কন্ডিশনার তৈরির জন্য কনডেনসার, ইভ্যাপোরেটর, টিউব, ইনডোর বডি ও আউটডোর বডির মতো গুরুত্বপূর্ণ অংশগুলো এখন বাংলাদেশেই উৎপাদন করছে হায়ার। স্থানীয় উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে আমদানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দেশের শিল্প খাতে মূল্য সংযোজন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

হায়ার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্যান জিং বলেন, দেশের প্রতিটি পরিবারের কাছে বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। উন্নত গৃহস্থালি প্রযুক্তি ও স্মার্ট সল্যুশনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। ‘মোর ক্রিয়েশন, মোর পসিবিলিটিজ’—এই বিশ্বাস নিয়েই হায়ারের পথচলা।

প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন পরিচালক আশরাফুল আলম বলেন, আমাদের কাজ শুধু অ্যাপ্লায়েন্স বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। সর্বাধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে আরও উন্নত জীবনযাপনের অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শেষ পর্যন্ত, কত পণ্য বিক্রি হলো, শুধু তা দিয়ে আমরা আমাদের সাফল্য বিচার করি না। বরং গ্রাহকদের কতটা ভালো সেবা দিতে পারছি এবং তাদের দৈনন্দিন জীবনে কতখানি স্বাচ্ছন্দ্য যোগ করতে পারছি, সেটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

/এসবি/