রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা, ২ কর্মী জখম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা, ২ কর্মী জখম
নাঈমুর রহমান

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুই ব্যক্তি। এতে হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান নিহত হয়েছেন। আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ দুজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত নাঈমুর রহমানের বয়স ২৬ বছর। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। নাঈমুর ওই হোটেলেই বসবাস করতেন। আহত দুজন হলেন– মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলআমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্র হাতে দুজন ব্যক্তি ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করে এবং নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

তার চিৎকার শুনে হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

এসআই জানান, আহত ৩ জনকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পূর্বশত্রুতার জেরে এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এই হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনাটির বিস্তারিত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় আহত মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে এবং কর্মচারী মো. হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফসি/