শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহার না হলে ‘দূরবীন বাংলা’ বন্ধের হুঁশিয়ারি

তিতুমীর কলেজ প্রতিনিধি
তিতুমীর কলেজ প্রতিনিধি
শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহার না হলে ‘দূরবীন বাংলা’ বন্ধের হুঁশিয়ারি
মধ্যরাতে বিক্ষোভরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় সরকারি তিতুমীর কলেজের নয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। মামলা প্রত্যাহার না হলে রেস্টুরেন্ট বন্ধ রাখার দাবিসহ তিন দফা দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছেন তারা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাজধানীর বনানী থানায় রেস্টুরেন্টের পক্ষে মো. সাফরিন বেগ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে তিতুমীর কলেজের নয় শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা সংঘবদ্ধ হয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারধর, ভাঙচুর, চুরি ও হুমকি দেন। এতে কয়েকজন সাধারণ ও গুরুতরভাবে আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। এ ছাড়া রেস্টুরেন্টের প্রায় ২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত ও চুরির অভিযোগ আনা হয়েছে। ক্যাশ কাউন্টার থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকা এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যাওয়ার কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার খবর ছড়িয়ে পড়ার পর এর প্রতিবাদে মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা মামলাটিকে হয়রানিমূলক ও ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো– আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দূরবীন বাংলা রেস্টুরেন্ট বন্ধ রাখা এবং সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে বহন করা।

শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

শিক্ষার্থীদের ভাষ্য, রেস্টুরেন্টে বসার জায়গা নিয়ে বিরোধের সূত্র ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় রেস্টুরেন্টের কর্মীদের হামলায় তাদের কয়েকজন সহপাঠী আহত হন। তবে ঘটনার পর শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা দায়ের করায় তারা ক্ষুব্ধ।

তাদের অভিযোগ, ঘটনার প্রকৃত পরিস্থিতি যথাযথভাবে বিবেচনা না করেই শিক্ষার্থীদের আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর মহাখালীর দূরবীন বাংলা রেস্টুরেন্টে বসার জায়গা নিয়ে বিরোধের জেরে তিতুমীর কলেজের শিক্ষার্থী ও রেস্টুরেন্টের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হন।

/এফআর/