ডিএনসিসি প্রশাসকের ব্যক্তিগত কার্যালয়ে হামলা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ডিএনসিসি প্রশাসকের ব্যক্তিগত কার্যালয়ে হামলা
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শী ও কার্যালয়ের কর্মকর্তা সূত্রে জানা গেছে, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনের ওই কার্যালয়ে হামলা চালায়। এতে ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে গেছে। লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে কাচের দরজা থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন।

শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন। এমন পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে অবস্থান করছিলেন। সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০-২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। এ সময় তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

মামুন পাটোয়ারীর দাবি, মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। কারণ, ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়েছে।

সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টিও হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।

হামলার পর ভবনটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন।

/জেএইচ/