ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সালমানের সঙ্গে এরপর কী ঘটবে সে বিষয়ও বলে দিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি লেখেন, ‘ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন? তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!’

আসিফ মাহমুদ আরও লেখেন, ‘আমি ক্রনোলজিটা বলে দিচ্ছি: বিএফআইইউ-দুদক-মামলা-ন্যারেটিভ-পারসেপশন-হয়রানি।’

সবশেষ ভিক্টিমদের প্রতি বার্তা দিয়েছেন এনসিপির এই নেতা। তিনি লেখেন, ‘একটা বার্তা দেওয়া হলো সব ভবিষ্যৎ ভিক্টিমদের প্রতি, প্রতিবাদ করা যাবে না।’

এর আগে, ‎বুধবার আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দিয়েছে। কয়েকটি ব্যাংক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

‎এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকার কাছে নিউ গিনি কন্ডোমিনিয়াম সিটিতে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সালমানের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় স্টুডিওটির বিপুল ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার শুরুতে সালমান মুক্তাদির স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন। এরপর তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই তলব করার ঘটনাটি সামনে এলো।

/জেএইচ/