শিরোনাম

শেখ হাসিনাকে ভারত কেন সুযোগ দিলো, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
শেখ হাসিনাকে ভারত কেন সুযোগ দিলো, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিন নয়া দিল্লিতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ ঘটনায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির নেতারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশ্ন রেখেছেন, ‘শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিলো?’

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার গণহত্যা চালিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘এ ঘটনায় তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি বা ক্ষমা চায়নি। এমনকি তাদের কোনো অনুশোচনাও নেই; বরং তারা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে।’

তিন আরও বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির ব্যাপারে বিচার হবে। সংশ্লিষ্ট আইনে সেই বিধান যুক্ত করা হয়েছে।’

বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে চায় না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আদালতের সিদ্ধান্তের বিষয়। তারা তো আদালতে যায়নি। আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে, সেভাবেই সরকার কাজ করবে।’

দীর্ঘ ১৭ বছরের শাসনামলে আওয়ামী লীগ বিরোধী দল ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন, গুম-খুন করেছে। এজন্য জনগণও তাদের বিচার করবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

এর আগে নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা যুক্ত হতে পারেন- এমন খবর যখন আলোচনায় আসে, তখনই বিএনপির নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেন। গত সোমবার ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনা যাতে রাজনৈতিক কার্যক্রম না চালায়, সেজন্য ভারত সরকারের সহযোগিতা চান। একই দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আয়োজন দুই দেশের সম্পর্ককে স্বাভাবিক করার চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেন।

সূত্র: বিবিসি

/জেএইচ/