শিরোনাম

ডিজিটাল পরিচয়পত্র পেলেন ডিএনসিসির হকাররা

নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল পরিচয়পত্র পেলেন ডিএনসিসির হকাররা
ছবি: সংগৃহীত

দুই শতাধিক হকারদের মাঝে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই পরিচয়পত্রে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বৈধতা দেওয়াসহ বসার স্থান নির্ধারণ করা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ডিএনসিসির ভবনে হকারদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবিক কারণে ডিএমপির মতো হকারদের বলপ্রয়োগের মাধ্যমে উচ্ছেদ না করে বিকল্প ব্যবস্থা করে দিয়েছি। এই পরিচয়পত্রের মাধ্যমে আপনারা কোথায় বসবেন, আপনার বৈধতা সব দেওয়া রয়েছে। আপনাদের এমন জায়গার বসার ব্যবস্থা করেছি যাতে যানজট না হয়। তবে এই পরিচয়পত্র স্থায়ী বন্দোবস্ত নয়। এর জন্য আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন। ভবিষ্যতে হকার্স মার্কেটের ব্যবস্থা করা হবে। তবে আগের জায়গায় আর কেউ বসবেন না।

ডিএনসিসি প্রশাসক বলেন, আপনারা স্থায়ীভাবে চকি ব্যবহার না করে বিশেষ ডিজাইনের ট্রলিতে ব্যবসা করবেন। সেই ট্রলিতেও আপনাদের রেজিস্ট্রেশন কার্ডের মাধ্যমে দেওয়া হবে। ব্যবসায়িক আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এসব নির্দেশনা না মানলে ব্যবসা করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ডিজিটাল পরিচয়পত্র থাকলে আজকের পর থেকে আর কেউ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে পারবে না। কেউ চাইলে আমাদের জানাবেন। আপনাদের সঙ্গে নিয়ে আমি প্রতিবাদ করব। চাঁদা নেওয়া এবং দেওয়া সমান অপরাধ।

/এসবি/