ধানমন্ডির বারে ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের ৩ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডির বারে ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের ৩ নেতাকর্মী
মারধরের শিকার ছাত্রদলের নেতাকর্মীরা

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের একটি বারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় আহত হন ছাত্রদলের তিন নেতাকর্মী। পরে পুলিশ ওই বার থেকে ছাত্রলীগ নেতা রাজা ও তার সহযোগীকে আটক করে। এ ছাড়া বারের ম্যানেজারসহ কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল বুধবার রাত ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এসব ঘটনা ঘটে।

আটককৃত রাজা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর তার সহযোগীর নাম ছাত্রলীগকর্মী সুমন।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, রেস্তোরাঁর কর্মী সুমনকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে আটক করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় তারা সুমনের মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান। এ সময় কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মী সুমনকে ছেড়ে দিতে ছাত্রদলের নেতাকর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে সুমনকে ছাড়াতে সেখানে উপস্থিত হন ছাত্রলীগ নেতা রাজা। ছাত্রদলের নেতাকর্মীরা তাকেও আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে আশ্রয় নেন। তাকে ধরতে ছাত্রদলের ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মী কয়লা বারে প্রবেশের চেষ্টা করলে, বারের নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের প্রবেশপথের গেট বন্ধ করে দেন। পরে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করা হয়।

এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল নেতা আকাশ আহত হন। তাদের মাথা কেটে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারের ভেতরে অভিযান চালিয়ে রাজা ও সুমনকে আটক করা হয়। এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা, কয়লা বারের ম্যানেজারসহ ৮-৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ছাত্রদলের কেউ মামলা বা অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/