শিরোনাম

সাত দিনের মধ্যে হকার সমস্যা সমাধান করা হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাত দিনের মধ্যে হকার সমস্যা সমাধান করা হবে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকার হকার সমস্যা সমাধানে সাত দিনের মধ্যে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, হকারদের নিবন্ধনের আওতায় এনে নির্দিষ্ট জায়গায় ব্যবসার সুযোগ দেওয়া হবে।

রবিবার (৯ আগষ্ট) জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির উদ্যোগে আয়োজিত হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় ‘জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘ঢাকায় হকারদের পুনর্বাসনের জন্য বিভিন্ন সময়ে মার্কেট করা হলেও, এর স্থায়ী সমাধান হয়নি। বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন কারণে মানুষ ঢাকায় এসে হকারি, রিকশা এবং ভ্যান চালিয়ে জীবনযাপন করে। সেই জন্য বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে স্থায়ী সমাধান করতে হবে।’

তিনি বলেন, ‘হকারদের জন্য একটি নীতিমালা করা হয়েছে এবং মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে। বিভিন্ন হকার সংগঠনের দুজন করে প্রতিনিধি, পুলিশ ও সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে নীতিমালা কার্যকর করা হবে।’

তিনি আরও বলেন, ‘হকারদের নিবন্ধন করে পরিচয়পত্র ও ভ্যানের নম্বর দেওয়া হবে। নিবন্ধিত হকারদের নির্দিষ্ট জায়গা থাকবে এবং সিটি করপোরেশনের অনুমতি ছাড়া সেই জায়গা অন্য কেউ বসতে পারবে না। নিবন্ধনের মাধ্যমে চাঁদাবাজিও বন্ধ করা হবে।’

হকাররা যেন রাস্তা দখল না করে– এই আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘প্রথমে রাস্তা খালি করতে হবে। বড় ফুটপাতের একটি অংশ হকারদের দেওয়া হলেও পথচারীদের চলাচলের জায়গা রাখতে হবে। শুক্রবার ও শনিবার বিভিন্ন সড়কে হলিডে মার্কেট চালু করা হবে। কিছু এলাকায় অফিস সময়ের পরও নির্দিষ্ট সময় পর্যন্ত হকারদের ব্যবসার সুযোগ দেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরে হকারি করা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।’

ঢাকায় রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে হবে মন্তব্য করে প্রশাসক বলেন, ‘অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের ব্যবস্থা করা হবে। সব এলাকার রিকশা সব জায়গায় চলতে পারবে না।’

বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কালাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাহবাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ ইসলাম বাবু, বাংলাদেশ শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লোকমান হোসেন ফকিরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে আগত হকাররা ।

/এসআর/