শিরোনাম

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

সিটিজেন ডেস্ক
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৫ জুন) রাতে আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের চেষ্টায় মাত্র ১৪ মিনিটের মধ্যে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর একই কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটকে কাজ করতে হয়। প্রায় সাড়ে ছয় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সেই ঘটনায় নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আগুন নেভানোর সময় আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হন বলে জানা যায়।

এক বছরেরও কম সময়ের ব্যবধানে একই স্থাপনায় আবারও আগুন লাগার ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

/এমআর/