শিরোনাম

‘রাজধানীর দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাসায় ডেঙ্গুর লার্ভা’

নিজস্ব প্রতিবেদক
‘রাজধানীর দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাসায় ডেঙ্গুর লার্ভা’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬০ থেকে ৮০ শতাংশ বাসা-বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার (৫ জুন) সকালে ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

আব্দুস সালাম বলেন, রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। তাই বাসা-বাড়িতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের আরোও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

ডিএসসিসির প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বিভিন্ন স্কুল ও কলেজে খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে। একইসঙ্গে হকারদের পুনর্বাসনের মাধ্যমে নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

/এসবি/