শিরোনাম

ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালকে আইনি নোটিশ

সিটিজেন ডেস্ক
ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালকে আইনি নোটিশ
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসায় অবহেলায় একাধিক নবজাতকের মৃত্যু ও প্রসূতি মায়েরা অসুস্থ হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ও সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশটি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনা দেশজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। গণমাধ্যম ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, গভীর রাতে সদ্যজাত বেশ কিছু শিশু হঠাৎ একসঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের অনবরত কান্না, বমি ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিলেও হাসপাতাল থেকে কোনো জরুরি চিকিৎসা বা সার্বক্ষণিক পর্যবেক্ষণ মেলেনি। একই সময়ে কয়েকজন প্রসূতি মা-ও অসুস্থ হয়ে পড়েন।

এতে আরও উল্লেখ করা হয়, সংকটের মুহূর্তে ওয়ার্ডে চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতা ছিল একেবারেই অপ্রতুল। এমনকি মুমূর্ষু শিশুদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরেও চরম অবহেলা ও বিলম্ব করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অপেশাদার আচরণ ও দায়িত্বহীনতার কারণেই একের পর এক শিশুর প্রাণহানি ঘটেছে।

নোটিশে বিশেষভাবে উল্লেখ করা হয়, নবজাতক ও প্রসূতি মায়েদের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা, দ্রুত চিকিৎসাসেবা এবং জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা এ ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ জনসাধারণকে জানানোর অনুরোধ করা হয়েছে।

/এমএকে/