রাজধানীর কলাবাগানে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কলাবাগানে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪
রাজধানীর কলাবাগানে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের এক বিচারকের বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে আটককৃত নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি-২) বিচারক মঞ্জুরুল বাছিদের বাসা রয়েছে বলে জানা গেছে।

বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাসিত গণমাধ্যমকে জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের ধানমন্ডির বাসার সামনে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল নিক্ষেপ করে।

এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতির বাসায় অন্তত ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, অবিস্ফোরিত তিনটি ককটেল নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। আটককৃতদের থানায় নেওয়া হয়েছে।

/এফআর/