আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পুরাতন বাণিজ্য মেলার মাঠ হস্তান্তরের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আগারগাঁও থেকে বিজয় সরণি সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’, ‘সচিবালয় স্থানান্তর মানি না, মানব না’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ও ‘টেক ব্যাক টেক ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গবেষণার জন্য নির্ধারিত জমি ফেরত না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমাদের ক্যাম্পাস এবং এর জমি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। এর জন্য সাময়িক কিছু অসুবিধা হলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে তা মেনে নিতে সম্মত হয়েছি।

এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় পুরাতন বাণিজ্য মেলা মাঠে গণজমায়েত কর্মসূচি পালন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। সেখান থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমিটিকে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত ওই জমিতে সচিবালয়ের ভবনের জন্য মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ চলছিল। এতে ক্ষুব্ধ হয়ে তারা সয়েল টেস্টের সরঞ্জাম ও মেশিনারিজ জব্দ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আসেন। একই সঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের টাঙানো একটি সাইনবোর্ডও খুলে ক্যাম্পাসে নিয়ে যান তারা।

এর আগে গত ১৫ অক্টোবর গবেষণা মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে দ্রুত হস্তান্তরের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। একই দিনে মাঠটি ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

/এসবি/