শিরোনাম

ঢাকার খাল উদ্ধারের দায়িত্ব পেলো ডকইয়ার্ড

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
ঢাকার খাল উদ্ধারের দায়িত্ব পেলো ডকইয়ার্ড
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার খাল পুনরুদ্ধার, খনন ও সৌন্দর্য বর্ধনের কাজ পেতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ‘ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড’। প্রতিষ্ঠানটিকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে (ডিপিএম) এই কাজ দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৪ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এই অনুমোদন ও সুপারিশ করা হয়েছে।

জানা গেছে, ডিএসসিসির বাস্তবায়নাধীন ‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নানন্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৫ এবং ৩০ এর আওতায় খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা, সংস্কার এবং নান্দনিক পরিবেশ সৃষ্টির চলমান প্রকল্পের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাস্তবায়ন করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত জরুরি। উন্মুক্ত দরপত্রের দীর্ঘসূত্রিতা এড়াতে এবং কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে ২০২২ সাল থেকে ঢাকার চারটি খাল পুনরুদ্ধার, খনন ও সৌন্দর্য বর্ধনের কাজ করে আসছিল ডিএসসিসি।