শিরোনাম

মিরপুরে দেয়ালধসের ঘটনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে দেয়ালধসের ঘটনায় আরও একজনের মৃত্যু
ধসে পড়া সীমানা প্রাচীরের অংশ বিশেষ

রাজধানীর মিরপুরে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে এসে দেয়ালধসের ঘটনায় বিউটি বেগম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। দেয়ালধসের ঘটনায় আহত আরও ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগমের মৃত্যু হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেলা দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে দেয়াল ধসের ঘটনা ঘটে। এ সময় সেখানে অনেক মানুষ টিসিবির পণ্য কিনতে সারিতে দাঁড়িয়ে ছিলেন।

ওসি হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসের ঘটনায় বিউটি বেগম গুরুতর আহত হয়েছিলেন। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে সারিতে দাঁড়িয়েছিলেন তিনি। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়।

পুলিশ জানায়, দেয়ালধসের ঘটনায় মারা যাওয়া অপর দুজন হলেন– নাসিমা বেগম ও মো ফিরোজ। নাসিমা বেগম রাজধানীর মিরপুরে ইউসেপ টেকনিক্যাল স্কুলে পরিচ্ছন্নতার কাজ করতেন; আর ফিরোজ মিরপুরের শাহ আলীবাগ এলাকায় থাকতেন।

মিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, কলেজের পেছনের ওই দেয়াল ঘেঁষে প্রতিদিনই ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হয়। কিছুটা কম দামে নিত্যপণ্য সংগ্রহ করতে নিম্ন আয়ের মানুষেরা সেখানে ভিড় করেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও অনেক মানুষ পণ্য সংগ্রহের সাারিতে দাঁড়িয়েছিলেন।

/এসআর/