শিরোনাম

বদরুদ্দীন উমরের মৃত্যুবার্ষিকীতে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
বদরুদ্দীন উমরের মৃত্যুবার্ষিকীতে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী
সোপার্জিত স্বাধীনতা চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের নেতা ও লেখক বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্বরে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে এ আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার ও জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম বক্তব্য দেন।

মিতু সরকার বলেন, বদরুদ্দীন উমরের জীবন, লেখনী ও রাজনৈতিক সংগ্রামের সঙ্গে তরুণদের পরিচিত হওয়া প্রয়োজন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর সমাজ পরিবর্তনে আগ্রহী তরুণদের তার লেখা ও রাজনৈতিক বিশ্লেষণ পড়া উচিত। তার মতে, জনগণের রাজনৈতিক চেতনা ও সাংগঠনিক শক্তি বিকাশের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।

ফয়জুল হাকিম বলেন, বদরুদ্দীন উমর দেশের পাশাপাশি উপমহাদেশ ও আন্তর্জাতিক রাজনীতি, সাম্রাজ্যবাদ ও সমাজতন্ত্র নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। ভাষা আন্দোলনসহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে বদরুদ্দীন উমরের জীবন, রাজনৈতিক সংগ্রাম, বিভিন্ন আন্দোলন ও লেখালেখির আলোকচিত্র এবং তার বইয়ের নির্বাচিত অংশ স্থান পেয়েছে।

পরে সন্ধ্যা সাতটার দিকে তার জীবন ও কর্ম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

/এমআর/