শিরোনাম

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

ঢাকা কলেজ শাখা ছাত্রদল কর্মী মো. রাসেল বলেন, সকালে শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত শিবিরের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। এ সময় তারা ছাত্রদলের কর্মীদের উসকানিমূলক কথাবার্তা বলেন এবং এক কর্মীকে মারধর করে।

তিনি বলেন, এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। পরে শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, ‘শিবির সুপরিকল্পিতভাবে হামলার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তারা অবস্থান নিয়েছেন।’

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহম্মদ মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২ তে শহিদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অফিস সম্পাদক আব্দুল মালেক ভাইয়ের নেতৃত্বে ৫ থেকে ৬ জন গ্যালরি ডেকোরেশনের কাজ করছিলেন। এমন সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রদলের নেতাকর্মী এসে মালেক ভাইসহ অন্যান্যদের মারধর করে।

তিনি বলেন, আব্দুল মালেক ভাইয়ের মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে ছাত্রদল। তাকে চিকিৎসার জন্য পপুলার মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর ঢাকা কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেন এবং ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা আলিয়া মাদরাসাতেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

/এসবি/