শিরোনাম

ডেঙ্গুমুক্ত ক্যাম্পাসের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের র‍্যালি

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
ডেঙ্গুমুক্ত ক্যাম্পাসের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের র‍্যালি
র‍্যালিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’–এই স্লোগানকে সামনে রেখে ঢাকা কলেজে র‍্যালি করেছে শাখা ছাত্রদল। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কলেজের শহীদ আবু সাঈদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। পরে কলেজের বিভিন্ন আবাসিক হল এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিতে ঢাকা কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ক্যাম্পাসকে মশামুক্ত রাখার বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল– ‘তিন দিনে একবার জমা পানি পরিষ্কার’, ‘এডিস মশা নিধন করি, ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়ি’, ‘যত্রতত্র ময়লা না ফেলি, ডেঙ্গু প্রতিরোধ করি’ এবং ‘করবো কাজ, গড়বো দেশ– সবার আগে বাংলাদেশ’।

র‍্যালি শেষে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধ এবং নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার এ কর্মসূচি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাসের যে অঙ্গীকার তারা করেছেন, তা বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আজকের কর্মসূচি থেকে আমরা প্রশাসনের কাছে স্মারকলিপি দেব। আমরা চাই, আমাদের কার্যক্রম চলমান থাকার পাশাপাশি আগামী দিনগুলোতে সারা বছর ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রশাসনিক কার্যক্রমও অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের দায়িত্বের কথা উল্লেখ করে পিয়াল হাসান বলেন, একজন সংগঠনের কর্মী হিসেবে যেমন দায়িত্ব রয়েছে, তেমনি একজন শিক্ষার্থী ও সচেতন নাগরিক হিসেবেও প্রত্যেকের দায়িত্ব রয়েছে। নিজেদের আবাসস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আশপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকলে তা নিজ উদ্যোগে পরিষ্কার করতে হবে এবং সহপাঠীদেরও পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করতে হবে। আমরা আগামী দিনে একটি সুসংগঠিত ও পরিচ্ছন্ন ক্যাম্পাস উপহার দিতে চাই। ঢাকা কলেজ ছাত্রদল যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।

শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন করলেই হবে না, আমাদের ক্যাম্পাস ও আবাসিক হলগুলোও পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে দায়িত্বশীলভাবে নজর দিতে হবে। নিয়মিত জমে থাকা পানি অপসারণের পাশাপাশি নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।

সচেতনতামূলক এ র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দীন ইমন, মামুনুর রহমান, আবির রায়হান, আনিসুর রহমান আনিস, জিয়াউর রহমান খন্দকারসহ আহ্বায়ক কমিটির সদস্য এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

/এফআর/