শিরোনাম

বিতর্ক মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে: অধ্যক্ষ ছদরুদ্দীন আহমদ

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
বিতর্ক মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে: অধ্যক্ষ ছদরুদ্দীন আহমদ
ফাইনাল পর্বের বিতর্ক শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ‘জিটিসি ডিসি ৪র্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘তিতুমীরের বাতাসে ছড়িয়ে পড়ুক যুক্তির বিতর্কের শুদ্ধতা’– এই স্লোগানকে সামনে রেখে এ প্রতিযোগিতার আয়োজন করে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব (জিটিসি ডিসি)। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম এম আতীকুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ বলেন, ‘বিতর্ক শুধু কথার ওপর কথা বলা নয়; বরং যুক্তির মাধ্যমে নিজের বক্তব্য উপস্থাপন ও প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার দক্ষতা অর্জন করা। এর জন্য নিয়মিত পড়াশোনা ও জ্ঞানার্জন প্রয়োজন। বিতর্ক মানুষের বিবেক, বুদ্ধি ও চিন্তাশক্তিকে বিকশিত করে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক বিষয় গ্রহণের সুযোগ তৈরি করে।’

এ সময় কলেজ ডিবেট ক্লাবের সভাপতি ইমরান হোসাইন ইমরু বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চতুর্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও মুক্তচিন্তার চর্চা আরও জোরদার করার পাশাপাশি, জাতীয় পর্যায়ে তিতুমীর কলেজকে প্রতিনিধিত্বের লক্ষ্যে বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

ফাইনাল পর্বের বিতর্ক শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিতর্ক ক্লাবের সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এফআর/