শিরোনাম

জাবি মেডিকেল সেন্টারের ঔষধ গরমিলে তদন্ত কমিটি গঠন, কর্মকর্তা বরখাস্ত

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবি মেডিকেল সেন্টারের ঔষধ গরমিলে তদন্ত কমিটি গঠন, কর্মকর্তা বরখাস্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ওষুধের মজুদে বড় ধরনের গরমিলের অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে, তদন্ত কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মেডিকেল সেন্টারের স্টোরের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়।

প্রশাসনের জারি করা আদেশে বলা হয়েছে, চিকিৎসা কেন্দ্রে ওষুধের মজুদে যে গরমিলের অভিযোগ উঠেছে, তার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনার সত্যতা যাচাই এবং এই ঘটনায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের চিহ্নিত করে দায় নির্ধারণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। কমিটির অন্য সদস্যরা হলেন- মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার। এ ছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার (কাউন্সিল শাখা) আলাউদ্দিন মোল্লা। অফিস আদেশে কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসা কেন্দ্রের উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে এবং তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) মো. নুর-এ-কামালকে বৃহস্পতিবার (২৩ জুলাই) পূর্বাহ্ন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি জীবিকা নির্বাহ ভাতা হিসেবে তার সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের অর্ধেক অর্থ পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতাও পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ওষুধের মজুদ পর্যালোচনায় ৩০ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত মাত্র ২১ দিনের ব্যবধানে ১৯ হাজার ৫৬৭টি ওষুধের হিসাব মিলছে না বলে অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে জানা গেছে, নিখোঁজ এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৩ হাজার ১১০ টাকা।

/এমএকে/