শিরোনাম

ডাকসু প্রকাশিত ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
ডাকসু প্রকাশিত ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ গ্রন্থের মোড়ক উন্মোচন
‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভিপিসহ ডাকসুর অন্য নেতৃবৃন্দ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রকাশিত ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জুলাই শহিদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বইটির সম্পাদক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ বইটি শুধু একটি প্রকাশনা নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, কষ্ট ও নিপীড়নের একটি প্রামাণ্য দলিল। গেস্টরুম ও গণরুমকে কেন্দ্র করে যে নির্যাতনের সংস্কৃতি গড়ে উঠেছিল, তার বাস্তব চিত্র শিক্ষার্থীদের বক্তব্য ও অভিজ্ঞতার মধ্য দিয়ে এ বইয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক শিক্ষার্থী বছরের পর বছর ভয়, চাপ ও রাজনৈতিক প্রভাবের কারণে তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে বলতে পারেননি। তাদের সেই না-বলা কথাগুলোকে সামনে আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের এ অধ্যায়টি সংরক্ষণ করাই বইটি প্রকাশের অন্যতম উদ্দেশ্য। আমরা চাই, গ্রন্থটি ক্যাম্পাসে এমন একটি পরিবেশ তৈরির প্রত্যয়কে শক্তিশালী করুক, যেখানে কোনো শিক্ষার্থীকে আর রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে নির্যাতনের শিকার হতে হবে না।

ডাকসুর জিএস এস. এম. ফরহাদ বলেন, গেস্টরুম-গণরুমের নামে শিক্ষার্থীদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, তা ছিল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মৌলিক অধিকারের পরিপন্থী। একটি বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়। এটি শিক্ষার্থীদের অধিকার। অতীতে সংঘটিত এসব ঘটনার সুষ্ঠু নথিবদ্ধকরণ প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করে একই ধরনের সংস্কৃতি ফিরিয়ে আনতে না পারে। ডাকসু শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করবে এবং ক্যাম্পাসে জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, গেস্টরুম ও গণরুমে শিক্ষার্থীদের ওপর পরিচালিত নির্যাতনের ইতিহাস আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি বিশ্ববিদ্যালয় কখনোই ভয় দেখানো, আধিপত্য বিস্তার কিংবা রাজনৈতিক শক্তি প্রদর্শনের জায়গা হতে পারে না। এটি হবে জ্ঞানচর্চা, স্বাধীন মতপ্রকাশ ও নেতৃত্ব বিকাশের নিরাপদ ক্ষেত্র। ফ্যাসিবাদীদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে আমাদের এমন একটি ক্যাম্পাস গড়ে তুলতে হবে, যেখানে কোনো শিক্ষার্থী তার রাজনৈতিক মত, পরিচয় বা অবস্থানের কারণে নিপীড়নের শিকার হবে না। ডাকসু শিক্ষার্থীদের পাশে থেকে এই পরিবর্তনের ধারাকে এগিয়ে নিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবে।

অনুষ্ঠানে অতীতে গণরুম ও গেস্টরুমে ছাত্রলীগের হাতে নির্মম নির্যাতনের শিকার সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে গ্রন্থটির সৌজন্য কপি তুলে দেন।

/এমএকে/