শিরোনাম

স্যানিটেশন সংকটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

বেরোবি সংবাদদাতা
বেরোবি সংবাদদাতা
স্যানিটেশন সংকটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
পরিচ্ছন্নতা অভাবে বেহাল দশায় বিশ্বদ্যালয়ের ওয়াশরুমগুলো। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন ভবনের টয়লেট ও ওয়াশরুমের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অপরিষ্কার পরিবেশ, তীব্র দুর্গন্ধ, ভাঙা বেসিন, পানির ট্যাপ ও নিষ্কাশন ব্যবস্থার অভাব এবং প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা না থাকায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও তৈরি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, অ্যাকাডেমিক ভবন-৩ সহ বিভিন্ন ভবনের কয়েকটি টয়লেট ও ওয়াশরুম দীর্ঘদিন ধরে অপরিষ্কার। বাথরুমের মেঝেতে কালো দাগ, পিচ্ছিল পরিবেশ এবং তীব্র দুর্গন্ধ বিরাজ করছে। অনেক বেসিন ভাঙা, কোথাও পানির ট্যাপ নেই, আবার কোথাও পানি নিষ্কাশনের ব্যবস্থা নষ্ট। কিছু টয়লেটে পানি বহনের পাত্র (বদনা) নেই। এছাড়া ব্যবহৃত টিস্যু, জমে থাকা নোংরা পানি এবং মশা-পোকামাকড়ের উপদ্রবও চোখে পড়ে। কয়েকটি টয়লেটের দরজায় ছিটকিনিও নেই।

শিক্ষার্থীরা জানান, টয়লেটগুলোর এমন বেহাল অবস্থার কারণে খুব প্রয়োজন না হলে সেগুলো ব্যবহার এড়িয়ে চলেন তারা। দ্রুত এসব সমস্যার সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা দপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট ১০ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। এর মধ্যে তিনজন তিনটি আবাসিক হলে দায়িত্ব পালন করেন। বাকি সাতজন প্রশাসনিক ভবন, অ্যাকাডেমিক ভবন, ডরমিটরি, উপাচার্যের বাংলোসহ অন্যান্য স্থানে পরিচ্ছন্নতার কাজ করেন।

বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জুনায়েদ হোসেন মিজি বলেন, প্রতিদিন শত শত শিক্ষার্থী এমন নোংরা ওয়াশরুম ব্যবহার করতে বাধ্য হচ্ছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও তদারকির অভাবে ওয়াশরুমগুলো স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। আমরা দ্রুত স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন ও নিয়মিত তদারকির দাবি জানাই।

আরেক শিক্ষার্থী হাসান শেখ বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে শুরু করে অ্যাকাডেমিক ভবনের অধিকাংশ ওয়াশরুমই অপরিচ্ছন্ন। পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই এবং স্বাস্থ্যবিধিও মানা হয় না। ফলে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। একটি বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত পানি সরবরাহ, স্যানিটেশন সুবিধা বৃদ্ধি এবং তদারকি জোরদার করা প্রয়োজন।

পরিসংখ্যান বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, মেয়েদের অনেক টয়লেট ব্যবহারই করা যায় না। কোথাও ছিটকিনি নেই, কোথাও পানি আসে না। সবচেয়ে বড় সমস্যা হলো, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধাও নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা দপ্তরের উপ-রেজিস্ট্রার লোকমান হাকিম বলেন, আমাদের জনবল সংকট রয়েছে। বর্তমানে যে সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী আছেন, তা প্রয়োজনের তুলনায় অনেক কম। টয়লেটের পানি নিষ্কাশন সংক্রান্ত সমস্যাগুলো প্রকৌশল দপ্তরের বিষয়। প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে পরিচ্ছন্নতা ব্যবস্থার আরও উন্নয়ন সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, কিছু টয়লেট অপরিষ্কার রয়েছে, বিষয়টি আমাদের নজরে এসেছে। দায়িত্বে অবহেলার কারণে দুইজন পরিচ্ছন্নতাকর্মীকে শোকজ করা হয়েছে এবং কয়েকজনের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। এছাড়া কিছু বেসিন ভাঙা এবং পানির ট্যাপ নষ্ট রয়েছে। জুন মাসের আর্থিক হিসাব (জুন ক্লোজিং) শেষ হয়েছে। বাজেট অনুমোদনের পর আগামী মাস থেকে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে। আশা করছি, দ্রুত এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে।

/এফআর/