শিরোনাম

ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা
ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টার

প্রায় দুই বছর পর গত ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসাকেন্দ্রগুলোতে। তবে ভিসা প্রক্রিয়া শেষ করতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় এ আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বার্তায় বলা হয়েছে, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত। তবে ভিসা প্রক্রিয়া শেষ করতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

এতে বলা হয়েছে, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, দীর্ঘ ২৩ মাস পর ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার আনন্দের মধ্যেও ভিড়, সার্ভার বিপর্যয় এবং দালালচক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামনে এসেছে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এতে বলা হয়েছে, ভারতীয় হাইকমিশন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

/এসবি/