শিরোনাম

দেশে ফিরলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

স্লোভাকিয়া ও চেক রিপাবলিক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, সফরকালে, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সেনাপ্রধান। এছাড়াও, তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেছেন।

এতে বলা হয়েছে, আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে বাংলাদেশ, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া উদ্দেশে যাত্রা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

/এসবি/