শিরোনাম

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি

রুয়েট সংবাদদাতা
রুয়েট সংবাদদাতা
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি
চ্যাম্পিয়ন টিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজিত দুই দিনব্যাপী ‘রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

রুয়েট বিতর্ক ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৮টি দল অংশ নেয়। ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেশের তরুণ বিতার্কিকদের জন্য যুক্তি, বিশ্লেষণ ও মননশীলতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা, সমসাময়িক বিষয়ে বিশ্লেষণী দক্ষতা এবং বুদ্ধিবৃত্তিক বিনিময়ের পরিবেশ গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল শুক্রবার রুয়েটের স্থাপত্য বিভাগ ভবনে সকাল ৮টায় অংশগ্রহণকারী দলগুলোর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। পরে সকাল সাড়ে ৮টায় টুর্নামেন্ট ব্রিফিং অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চারটি প্রাথমিক পর্ব শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। পুরো প্রতিযোগিতা বিশ্ব বিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়নশিপের (ডব্লিউইউডিসি) নীতিমালা অনুসারে ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে পরিচালিত হয়, যেখানে প্রতিটি দলে দুইজন করে বক্তা অংশগ্রহণ করেন।

শনিবার (১ আগস্ট) ছিল প্রতিযোগিতার দ্বিতীয় দিন। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এতে চারটি দল অংশগ্রহণ করে, যেখানে তীব্র যুক্তি, তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ এবং বাগ্মিতার মাধ্যমে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন প্রতিযোগীরা।

ফাইনাল শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘সিইউডিএস-এ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলটির সদস্য ছিলেন মেহরাব মিজান ও ইরফান অপূর্ব। রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘ডিইউডিএস স্বোপার্জিত স্বাধীনতা’ দল, যার সদস্য ছিলেন আহমেদ রাকিবুল ইসলাম ও ধীমান বিশ্বাস।

এছাড়া, চূড়ান্ত পর্বের সেরা বিতার্কিক এবং পুরো প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সদস্য ইরফান অপূর্ব।

রুয়েট ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল, রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি মো. তানভির হাসান, সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম ও সাদিয়া সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/