ঢাকা কলেজে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা কলেজে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ
ঢাকা কলেজের দেয়াল থেকে সাদা রং দিয়ে মুছে ফেলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি

ঢাকা কলেজের দেয়াল থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চের ঢাকা কলেজ শাখা।

শুক্রবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির ঢাকা কলেজ শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ ওমায়ের এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের গ্রাফিতি কোনো সাধারণ দেয়ালচিত্র নয়; এটি একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মারক। ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি এই গ্রাফিতি। এর প্রতিটি রেখা ও শব্দের সঙ্গে জড়িয়ে আছে রক্তাক্ত ইতিহাস, মানুষের আকাঙ্ক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অদম্য সাহস। রক্ত দিয়ে লেখা ইতিহাস দেয়ালের রং দিয়ে মুছে ফেলা যায় না।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল থেকে জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এটি কেবল শিল্প ও স্মৃতির অপসারণ নয়, বরং একটি ঐতিহাসিক আন্দোলনের চেতনাকে অবমূল্যায়ন করার শামিল। কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে এই গ্রাফিতি মুছে ফেলা হয়েছে, তা স্পষ্ট করার দাবি জানানো হয়।

এ ছাড়া দেয়ালে শহীদ ওসমান হাদির নিজের হাতে আঁকা গ্রাফিতিটিও মুছে ফেলার আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, শহীদ হাদির হাতে আঁকা এই গ্রাফিতি কেবল একটি শিল্পকর্ম নয়; এটি তাঁর আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগের জীবন্ত স্মারক। এটি মুছে ফেলা হলে শহীদের স্মৃতির প্রতি চরম অবমাননা এবং জুলাইয়ের চেতনার ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে মুছে ফেলা জুলাইয়ের গ্রাফিতি দ্রুত পুনরুদ্ধার, শহীদ ওসমান হাদির হাতে আঁকা গ্রাফিতি অক্ষত রাখা এবং জুলাইয়ের সব ঐতিহাসিক স্মৃতিচিহ্ন সংরক্ষণে সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যাতে আর না ঘটে, তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জুলাই কোনো সাময়িক আবেগ নয়, জুলাই একটি ইতিহাস। এই ইতিহাসকে আড়াল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের সোচ্চার অবস্থান অব্যাহত থাকবে। জুলাইয়ের স্মৃতি অম্লান রাখা, শহীদ হাদির স্মৃতি অমর রাখা এবং গণঅভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে বিবৃতিতে ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা বন্ধের দাবি জানানো হয়।

/এমআর/