শিরোনাম

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকানিকে মারধরের অভিযোগ

রাবি সংবাদদাতা
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকানিকে মারধরের অভিযোগ
দোকানির উপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফটোকপির দাম নিয়ে বাগবিতণ্ডার জেরে এক দোকানি ও কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল নেতার বিরুদ্ধে। রোববার (৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের ‘হিমেল কম্পিউটার ষ্টেশনারী’ দোকানে এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল্লাহ আল কাফি রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, কাফি তার এক আত্মীয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করতে ওই দোকানে যান। ফটোকপি শেষে দোকানি ২৮০ টাকা বিল চাইলে কাফি আপত্তি জানান এবং ২০০ টাকা দিতে চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দোকানি ক্ষুব্ধ হয়ে প্রিন্ট করা কাগজগুলো ছুড়ে ফেলেন এবং কম্পিউটার বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদল নেতা কাফি ও তার সাথে থাকা কয়েকজন দোকানির ওপর হামলা চালান এবং দোকানের শাটার বন্ধ করে দেন।

ভুক্তভোগী দোকান মালিক দাবি করেন, আমি তাকে সবশেষ ২৫০ টাকা দিতে বললেও তিনি রাজি হননি। তাই দোকান বন্ধ করার সময় হয়ে যাওয়ায় আমি তাকে জানাই যে আমি চলে যাবো, আপনি চাইলে এখানে আরও পাঁচটি দোকান আছে সেখানে জিজ্ঞেস করে দেখতে পারেন। এতেই তিনি উত্তেজিত হয়ে হুমকি দেন— ‘দোকান বন্ধ করলেন কেন? আপনার দোকানই বন্ধ করে দেবো।’ একপর্যায়ে আমাদের ওপর হামলা চালায় তারা।

তবে অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাফি হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, দোকানি দাম বেশি দাবি করায় আমি দরকষাকষি করি। তিনি আমার কাগজ ছুড়ে ফেলে দেন এবং তার কর্মচারী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এরপর তারা আমাদের ওপর আক্রমণ করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। উভয় পক্ষই অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের ঘটনা ঘটলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/