শিরোনাম

‘জিন্নাহ, গোলাম আজম, নিজামীরা আমাদের নায়ক হতে পারে না’

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
‘জিন্নাহ, গোলাম আজম, নিজামীরা আমাদের নায়ক হতে পারে না’
ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ‘বিতর্কিত’ ছবিটি ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা ডাকসুতে প্রবেশ করে সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবিটি খুলে নেন। এ সময় তাদের হাত থেকে নিয়ে ছবিটি ছিঁড়ে ফেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। এ সময় ছবিটি মেঝেতে আছাড় দিয়ে ফ্রেম ভেঙেও ফেলেন তিনি।

আবু তৈয়ব হাবিলদার ডাকসু নির্বাচনের আলোচিত ও বয়োজ্যেষ্ঠ ভিপি (সহ-সভাপতি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের ছাত্র।

এ সময় সাংবাদিকদের আবু তৈয়ব বলেন, ‌‘যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না। এই ডাকসুতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বাংলাদেশে জিন্নাহর মতো কোনো ভিলেন, গোলাম আজম, নিজামীর মতো কোনো ভিলেন আমাদের নায়ক হতে পারে না, নায়ক হতে দেব না।’

এর আগে, গতকাল রবিবার ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো হয়। সংসদের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা রবিবার দুপুরে ডাকসু ভবনের নিচতলায় সংস্কার করা এ সংগ্রহশালার উদ্বোধন করেন। ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

তবে ছবিটি স্থাপনের পর থেকেই এটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

/এফআর/