শিরোনাম

সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে আলি আকবর খান

নিজস্ব প্রতিবেদক
সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে আলি আকবর খান
সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। সোমবার (১ জুন) তাকে এই পদে নিয়োগ দিয়ে পুলিশ সদর দফতর থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে কাজ করেছেন আলি আকবর খান।

এদিকে, নতুন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে ডিআইজি আলি আকবর খান দায়িত্ব গ্রহণ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিআইডি পরিবার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডি পরিবারের প্রত্যাশা আলি আকবর খানের নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে।

এর আগে, গত ১৭ মে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকেই সিআইডি প্রধানের পদটি ফাঁকা ছিল।

/এফআর/